সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের নতুন ছবি দেখে রীতিমতো চমকে গেছেন তাঁদের অনুরাগীরা। ছবিতে ইরফান সাজ্জাদের ডান হাত আর্ম স্লিংয়ে ঝোলানো, কপালে ব্যান্ডেজ এবং মুখে আঘাতের চিহ্ন। পাশে থাকা সাদিয়া আয়মানের মাথাজুড়েও প্যাঁচানো সাদা ব্যান্ডেজ।

প্রথম দেখায় দুজনের এমন আহত অবস্থা দেখে অনেকেরই মনে হতে পারে, কোনো দুর্ঘটনা কিংবা মারামারির ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পরই পরিষ্কার হয়, বাস্তবে এমন কিছুই ঘটেনি। আসন্ন একটি নাটকের শুটিংয়ের চরিত্রের প্রয়োজনে এমন লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তাঁরা।

ইরফান সাজ্জাদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করেছেন। ছবির ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’

ক্যাপশন থেকেই জানা যায়, ‘বিবাহ বিভ্রাট’ নামের একটি নাটকে জুটি বেঁধেছেন ইরফান ও সাদিয়া। নাটকের গল্পে তাঁদের চরিত্রের মধ্যে কোনো ধরনের সংঘাত বা হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তবে গল্পের বিস্তারিত বা তাঁদের চরিত্র সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তাঁদের আহত লুক দেখে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে দুজনের মধ্যে ফাটাফাটি যুদ্ধ হয়েছে।’

ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান—দুজনই নিয়মিত নাটকে অভিনয় করছেন। নতুন এই নাটকে তাঁদের এমন ভিন্নধর্মী লুক দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এখন নাটকটি কবে এবং কোন মাধ্যমে মুক্তি পাবে, সেটিই দেখার অপেক্ষা।