জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। গত ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচি ও বৈঠকে অংশ নেন। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন এবং বিভিন্ন দেশের নেতা ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে সরকারের বিভিন্ন অঙ্গীকার ও প্রত্যাশা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণেও এসব বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।