বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাকিস্তানের হাইকমিশনার জানান, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে তার দেশ আগ্রহী। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় হয়েছে।

এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে নোলেজ করিডোর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক পাকিস্তান সফরের বিষয়েও আলোচনা হয়। ওই সফরে প্রতিনিধিদলটি পাকিস্তানের উন্নত শিক্ষাব্যবস্থা ও শিক্ষা কাঠামো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে বলে জানানো হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং ইতিবাচক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।