গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় রহিমা বেগম (২৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম গাজীপুরা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ওভারটাইমের কাজ শেষে মহাসড়ক পার হচ্ছিলেন রহিমা। এ সময় দ্রুতগতির ইউনাইটেড পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মীসহ স্থানীয় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, রহিমা বেগমের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।