সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় তার বাবার কোল। যেখানে থাকে নির্ভরতা, সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আজ বাংলাদেশ থেকে দুবাইয়ের পথে টাইগার পেসার তাসকিন আহমেদ। দীর্ঘ বিমানযাত্রা শেষে পা রাখবেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে ছেলের এই যাত্রায় সাহস জোগাতে সকাল সকাল বিমানবন্দরে হাজির তাসকিনের বাবা। মাঠের লড়াইয়ে নামার আগে বাবার এই উপস্থিতি যেন ছেলের জন্য একরাশ ভালোবাসা আর আশীর্বাদ।
ঈদের নামাজ থেকে শুরু করে বিদেশ সফর শেষে দেশে ফেরা জীবনের নানা মুহূর্তে বাবাকে পাশে পেয়েছেন তাসকিন। এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের সতীর্থদের সঙ্গে দুবাইয়ের ফ্লাইট ধরবেন এই পেসার। পেস সহায়ক উইকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত তিনি। তবে ক্রিকেটের এই লড়াইয়ে নামার আগে বাবার ভালোবাসা আর দোয়া নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাসকিনকে। কারণ, মাঠে যত বড় লড়াই-ই অপেক্ষা করুক না কেন, বাবার আশীর্বাদ সন্তানের কাছে সবসময়ই অনন্য এক শক্তি।
প্রতিটি সন্তানের জীবনেই বাবা যেন এক বিশাল বটগাছ। সময়ের পরিবর্তনে সেই বটগাছের শক্তি হয়তো একসময় কমে আসে, কিন্তু সন্তানের জন্য তার ছায়া দেওয়ার প্রবণতা কখনো ফুরায় না। তাসকিনের বাবাও যেন সেই ছায়াদানকারী বটগাছ। আজ তাসকিন নিজেও একজন বাবা। তাই সন্তানের জীবনে বাবার ভালোবাসা, ত্যাগ আর আশীর্বাদের গুরুত্ব তার চেয়ে ভালো আর কে-ই বা বুঝবেন! ক্রিকেটের ব্যস্ততা আর আন্তর্জাতিক সফরের নানা ব্যস্ততার মাঝেও বাবার এই ভালোবাসা তাসকিনকে মনে করিয়ে দেয় পৃথিবীর যেখানেই থাকুন, বাবার দোয়া সবসময়ই তার সঙ্গে আছে।