ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আতিয়ার শেখ জানান, পরশ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ২১১/এ এবং বাবার নাম মো. লিয়াকত। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চিকিৎসকের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।