চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম আড়াই মাসেই দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৩৫ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৩৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ৯৭ কোটি ৬০ লাখ ডলার।
শুধু সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনেই দেশে এসেছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৪৭ কোটি ৫০ লাখ ডলার। ফলে এ সময়েও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।
এদিকে ১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা বৈধ চ্যানেলে পাঠিয়েছেন প্রায় ৯ কোটি ৮০ লাখ ডলার।
দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার সরবরাহসহ সামগ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।