মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে বিলটি যাচাই করে সংশোধন করেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পিউটারে তথ্য টাইপ করার সময় ভুলের কারণে অস্বাভাবিক বিলটি তৈরি হয়।
এ ঘটনায় আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, বিলিং সুপারভাইজার সীমা রানী, বিলিং সহকারী সুমা রানী ঘোষ এবং মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তোরাব আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের ওই বিল তৈরি করা হয়। এতে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে পরিশোধযোগ্য অর্থ হিসেবে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা উল্লেখ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিলটি নিয়ে আড়পাড়া জোনাল কার্যালয়ে অভিযোগ করেন গ্রাহক। পরে কর্মকর্তারা বিষয়টি যাচাই করে বিল সংশোধন করেন। সংশোধনের পর তার প্রকৃত বিল দাঁড়ায় ১ হাজার ৯৩৮ টাকা, যা তিনি পরিশোধ করেছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মহিতুল ইসলাম জানান, কয়েকদিন আগে ওই গ্রাহকের মিটার পরিবর্তন করা হয়েছিল। বিল তৈরির সময় ডিমান্ড চার্জের ঘরে নতুন মিটারের সিল নম্বর বসে যাওয়ায় এই ভুল তৈরি হয়। দায়িত্ব পালনে সতর্কতার ঘাটতির কারণে সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।