ইসলামের দুই প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্যজুড়ে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। রোববার ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’ আইনে পরিণত হওয়ার মাধ্যমে এ স্বীকৃতি কার্যকর হয়েছে।

এর মধ্য দিয়ে ওয়াশিংটনের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্য পর্যায়ের সরকারি ছুটির তালিকায় যুক্ত করল। এর আগে বিভিন্ন অঙ্গরাজ্য, শহর ও স্কুল জেলা স্থানীয়ভাবে ঈদের ছুটি স্বীকৃতি দিলেও অঙ্গরাজ্যব্যাপী এমন স্বীকৃতি ছিল না।

ক্যালিফোর্নিয়ায় বসবাসরত মুসলিমদের জন্য দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানে নতুন আইনটি সহায়ক হবে বলে জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর-সিএ)। সংগঠনটির মতে, ঈদ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে অনেক মুসলিম শিক্ষার্থী ও কর্মীকে শিক্ষা বা কর্মক্ষেত্রের দায়িত্বের সঙ্গে সমন্বয় করতে সমস্যায় পড়তে হতো।

গভর্নর গ্যাভিন নিউসম আইনটিতে স্বাক্ষর করায় সিএআইআর-সিএ তা স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, নতুন আইনের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে কাঠামোগত বাধা কমবে এবং তাদের প্রতি অন্তর্ভুক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি আরও স্পষ্ট হবে।

ঈদুল ফিতর রমজান মাসের এক মাসের রোজা শেষে পালিত হয়। আর ঈদুল আজহা হজরত ইবরাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের স্মরণে পালিত হয় এবং বার্ষিক হজের সমাপনী পর্বের সঙ্গে এর সময় মিলে যায়।

সিএআইআর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষসংক্রান্ত বিভিন্ন ঘটনার মধ্যেই ক্যালিফোর্নিয়ায় এই আইন কার্যকর হলো। সংগঠনটির দাবি, চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত মসজিদ ও ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে ঘটনার সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮৩ শতাংশ বেড়েছে।