প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে খুব শিগগিরই আলোচনা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সফরের সময় দুই দেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনা করেই নির্ধারণ করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
দীনেশ ত্রিবেদী বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। তবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা খুব শিগগিরই শুরু হবে এবং দুই দেশের সম্পর্কের সামগ্রিক পরিবেশ ইতিবাচক।
তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে চাননি।