হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১.৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশিতে এসব মদ পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা জানায়, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী রোমানের ব্যাগ স্ক্যান ও তল্লাশি করে ৭৮.৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়। প্রযোজ্য নিয়ম অনুযায়ী ১ লিটার শুল্কমুক্ত সুবিধা রেখে বাকি ৭৭.৫০ লিটার জব্দ করা হয়।
একই রাতে তুর্কিশ এয়ারলাইন্সের যাত্রী শিমুল ইসলামের ব্যাগেজ থেকে আরও ৪ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি, যাত্রী প্রোফাইলিং ও গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।