জমকালো আয়োজনে বাফুফে উন্মোচন করলো আসিয়ান কাপকে কেন্দ্র করে বাংলাদেশ দলের হোম ও অ্যাওয়ে জার্সি। চমৎকার এই জার্সির মাধ্যমে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলকে স্পন্সর করেছে জার্সি বা কিট সরবরাহকারী দেশীয় ক্রীড়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান দৌড়। বাংলাদেশের ঘরের দরজায় কড়া নাড়ছে আসিয়ান কাপ। সেই আসরকে সামনে রেখে আজ উন্মোচন করা হলো বহুল প্রতীক্ষিত নতুন জার্সি। যেখানে নকশায় বিশেষ গুরুত্ব পেয়েছে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস।

বাংলাদেশের নতুন এই জার্সিতে তুলে ধরা হয়েছে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও গর্বের নানা প্রতীক। বিশেষ করে হোম জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার নান্দনিকতা। বাংলা অক্ষরের ব্যবহার জার্সিটিকে দিয়েছে একেবারেই ভিন্ন এক পরিচয়। জার্সির উপরের অংশে লক্ষ্য করা যায় মূর্ধন্য ণ, গ-সহ বাংলা বর্ণমালার বিভিন্ন অক্ষর ও প্রতীক। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলের সঙ্গে দেশের ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হয়েছে।

এছাড়াও নতুন জার্সিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ইতিহাস ও প্রকৃতির নানা অনুষঙ্গ। অ্যাওয়ে জার্সিতে লাল-সবুজ রঙের ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনা। লাল রঙে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম আর সবুজে ফুটে উঠেছে দেশের শ্যামল প্রকৃতি। জার্সির নকশায় বাংলাদেশের নিজস্ব পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে মাঠে এই জার্সি শুধু একটি পোশাক নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও গৌরবের প্রতীক হিসেবেও প্রতিনিধিত্ব করবে।

শুধু দেশের ঐতিহ্যই নয়, দেশীয় সংস্কৃতিকেও নতুন জার্সির নকশায় তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ফুটবলকে বিশ্বের সামনে নিজস্ব পরিচয়ে তুলে ধরার ভাবনাই ছিল এই জার্সি তৈরির অন্যতম লক্ষ্য। আর সেই কাজটি করেছে কিট সরবরাহকারী দেশীয় ক্রীড়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান দৌড়। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। জার্সির একদম উপরের অংশে রাখা হয়েছে তাদের লোগো। দেশীয় প্রতিষ্ঠানের তৈরি এই জার্সি এখন বাংলাদেশের ফুটবলারদের গায়ে মাঠে দেখা যাবে । এতে দেশের পোশাক শিল্পের গৌরবকে বিশ্বব্যাপী তুলে ধরা হবে।

নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আসিয়ান কাপকে ঘিরে বাংলাদেশের প্রস্তুতিতে যোগ হলো নতুন মাত্রা। এই জার্সিতে রয়েছে লাল-সবুজের দেশ বাংলাদেশের ইতিহাস ও গৌরবের গল্প।আছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের নান্দনিক ছোঁয়া। অর্থাৎ মাঠে বাংলাদেশ শুধু একটি দল হিসেবেই নয়, বরং নিজের পরিচয় নিয়েই নামবে। সমর্থকদের প্রত্যাশা, নতুন এই জার্সি বাংলাদেশের ফুটবলে বয়ে আনবে নতুন সাফল্য।এখন অপেক্ষা, নতুন সাজে মাঠে নেমে লাল-সবুজের প্রতিনিধিরা কতটা আলো ছড়াতে পারে তার উত্তর মিলবে আসিয়ান কাপের মঞ্চে।