বিশ্বকাপের মঞ্চে এবার বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে জাতীয় দল নয়, ২০২৬ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে মুখোমুখি হবে বাংলাদেশ ও পর্তুগাল। ৩২ গ্রুপে আয়োজিত এই বিশ্বকাপে অংশ নেবে মোট ১৯১টি দেশ। যেখানে গ্রুপ জি-তে বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগালসহ আরও কয়েকটি দল।
ফিফা বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। তবে এই দুই দলের লড়াইয়ের বাইরে পর্তুগাল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও দেখা যায় আলাদা উত্তেজনা। কারণ, বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে ফুটবলপ্রেমীদের তর্ক-বিতর্ক। দুজনই নিজেদের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য মাইলফলক। দুজনই পা রেখেছেন এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে। আর এবার সেই পর্তুগালেরই বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলার কিশোররা।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপের মঞ্চে দেখার স্বপ্ন দেশের কোটি ফুটবলপ্রেমীর। ব্রাজিল-আর্জেন্টিনার মতো পরাশক্তির বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিদের লড়াই ,এমন স্বপ্ন এখনো দেখেন হাজারো ফুটবলপ্রেমী।জাতীয় দলের সেই স্বপ্ন কবে বাস্তবে রূপ নেবে, তা সময়ই বলে দেবে। তবে তার আগেই বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরার সুযোগ এসেছে অনূর্ধ্ব-১৫ দলের সামনে। এই আসরে রোনালদোর দেশ পর্তুগালের পাশাপাশি বাংলাদেশের প্রতিপক্ষ বুরুন্ডি, ফিজি, ইন্দোনেশিয়া ও ওয়েলস। অর্থাৎ, বয়সভিত্তিক ফুটবলে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ অপেক্ষা করছে বাংলার কিশোরদের সামনে।
আগামী ২২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আজারবাইজানে অনুষ্ঠিত হবে ফিফার এই অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। আর সেখানে লাল-সবুজের পতাকা উঁচিয়ে দেশের ফুটবলের নতুন সম্ভাবনার বার্তা দিতে মাঠে নামবে বাংলাদেশের তরুণ তুর্কিরা। জাতীয় দলের বিশ্বকাপ স্বপ্ন হয়তো এখনো অধরা, কিন্তু কিশোরদের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন গল্প লেখার অপেক্ষায় এখন লাল সবুজ প্রতিনিধিরা।