চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতেই তিন ইউরোপীয় জায়ান্ট
চ্যাম্পিয়ন্স লিগ মানেই তারকার মেলা। তবে এবারের আসরের প্রথম রাতেই যেন গল্পটা একটু অন্যরকম। কারণ একই রাতে মাঠে নামছে ইউরোপের তিন পরাশক্তি ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ আর ইন্টার মিলান। একদিকে পোর্তোর মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ইউরোপিয়ান ফুটবলে সিটির আধিপত্যের গল্প এখন আর নতুন নয়। কিন্তু নতুন মৌসুমে তাদের সামনে প্রশ্নটা অন্য। আবারও কি ইউরোপের রাজত্বে ফিরতে পারবে সিটিজেনরা? অন্যদিকে রাতের সবচেয়ে বড় মঞ্চ সান্তিয়াগো বার্নাব্যু। সেখানে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইন্টার মিলান। আর এই ম্যাচে শুধু তিন পয়েন্টের লড়াই নয়, আছে ইতিহাসও। চ্যাম্পিয়ন্স লিগে এই শতাব্দীতে ইন্টারের বিপক্ষে চারবার মুখোমুখি হয়ে চারবারই জিতেছে রিয়াল। অর্থাৎ ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে ইন্টারের জন্য রিয়াল যেন এক বড় বাধা । তবে এবার গল্পটা আরও জমাট। রিয়ালের ডাগআউটে জোসে মরিনহো । যার রিয়াল অধ্যায়ের পুরোনো গল্প, সাফল্য ব্যর্থতা আর অসমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন আবারও আলোচনায়। এবার অবশ্য অতীত নয়, বর্তমানের রিয়ালকে নিয়েই নতুন গল্প লেখার অপেক্ষায় এই পর্তুগিজ কোচ। আর মাঠে রিয়ালের নতুন যুগের সবচেয়ে বড় মুখ কিলিয়ান এমবাপ্পে। অর্থাৎ একদিকে মরিনহোর পুরোনো স্মৃতি, অন্যদিকে এমবাপ্পের নতুন স্বপ্ন। আর মাঝখানে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি।
অপরদিক পোর্তোর বিপক্ষে সিটির ম্যাচেও আছে আলাদা পরীক্ষা। চ্যাম্পিয়ন্স লিগে সিটির পরিচয় এখন শুধু ২০২৩ সালের শিরোপায় আটকে নেই। প্রতি মৌসুমেই তাদের কাছে প্রত্যাশা থাকে শেষ পর্যন্ত যাওয়ার। তাই প্রথম ম্যাচ থেকেই সিটির লড়াইটা শুধু পোর্তোর সঙ্গে নয়, নিজেদের ইউরোপিয়ান মান ধরে রাখার সঙ্গেও। সব মিলিয়ে প্রথম রাতেই প্রশ্ন তিনটি। সিটি কি আবার ইউরোপের রাজা হওয়ার পথে হাঁটবে? ইন্টার কি রিয়ালের বিপক্ষে ইতিহাস বদলাবে? নাকি বার্নাব্যুতে আবারও শুরু হবে রিয়ালের সেই চেনা ইউরোপিয়ান গল্প ? চ্যাম্পিয়ন্স লিগ ফিরেছে। আর প্রথম রাতেই ফুটবলপ্রেমীদের সামনে হাজির তিন দল, তিন গল্প, কিন্তু স্বপ্ন একটাই। ইউরোপ সেরা হওয়ার।
মন্তব্য
প্রথম মন্তব্যটি করুন।