ভারতে পাচারের শিকার হয়ে প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন ময়মনসিংহ ও খুলনার দুই তরুণী। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

জানা গেছে, প্রায় দুই বছর আগে দালালের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়াই ভারতে যান তারা। সেখানে মহারাষ্ট্রের একটি কারখানায় কাজ করছিলেন। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে কারাগারে যেতে হয় তাদের। কারাগার থেকে পরে মুম্বাইয়ের একটি হোমে রাখা হয়।

দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ এবং বিজিবি-ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় নেওয়া হয়। পরে তাদের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের হেফাজতে দেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ দুই বছর পর দেশে ফিরে পরিবারের কাছে যাওয়ার অপেক্ষায় রয়েছেন পাচারের শিকার এই দুই তরুণী।