সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আয়োজিত মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ ও অতিথিবৃন্দের উপস্থিতি আলোচনা সভায় যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির বিশেষ বাণী দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম প্রধান পূর্বশর্ত। দেশের নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার সুসংহত করা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সবার জন্য বাসযোগ্য, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, নগরগুলো কেবল নাগরিক সুবিধাসম্পন্ন বসবাসের স্থান নয়; বরং বিশ্বজুড়েই তা কর্মসংস্থান, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও উদ্ভাবনের মূল প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। তাই সার্বিক টেকসই উন্নয়নের স্বার্থে পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণের কোনো বিকল্প নেই।