শিক্ষকতাকে মেধাবী তরুণদের প্রথম পছন্দের পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিলেবাস, আনন্দময় শিক্ষা, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প নয়, বরং সহায়ক শক্তি হিসেবে ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, ‘একজন শিক্ষক, একটি ট্যাব’ কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে এ খাতে বরাদ্দ আরও বাড়ানো হবে।