আর মাত্র একটি ম্যাচ! আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর সেই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে বেনিনের বিপক্ষে অধিনায়ককে ঘিরেই বিশেষ একাদশ সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

২০২২ সালের বিশ্বকাপ মিশন থেকে মেসির  জাতীয় দলের পথচলায় থাকা বেশ কয়েকজন সতীর্থকেই দেখা যেতে পারে তার শেষ ম্যাচের একাদশে। সোমবারের চূড়ান্ত অনুশীলন সেশন ইতিমধ্যে শেষ হয়েছে, তাই এই সম্ভাব্য মেগা একাদশ নিয়েই মাঠে নামার সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্কালোনির দল। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপজয়ী দলের কয়েকজন এবং বাছাইপর্বে নিয়মিত খেলা ফুটবলারদের নিয়েই শুরু করবে আর্জেন্টিনা।


গোলবারে থাকবেন মেসির দীর্ঘদিনের সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে সেন্টার-ব্যাক হিসেবে থাকবেন ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। তবে বাঁ দিকের রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকোকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রথম দুই প্রীতি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। ফিট না হলে তার জায়গায় খেলতে পারেন ফাকুন্দো মেদিনা। বুরকিনা ফাসোর বিপক্ষে আগের ম্যাচে এই পজিশনেই খেলেছিলেন মেদিনা।

ডান-ব্যাকে শুরু করার কথা আগুস্তিন জিয়ায়ের। নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না, আর গনসালো মন্তিয়েলও দলে ডাক পাননি। মাঝমাঠে ফিরছেন রদ্রিগো দে পল। আগের দুই ম্যাচে দলে না থাকা এই তারকা এবার মেসির সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায়। তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর সামনে? সেখানে তো থাকবেন সেই মানুষটি, যার শেষ ম্যাচ দেখতে অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব লিওনেল মেসি। তার সঙ্গে আক্রমণে থাকার সম্ভাবনা লাওতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজের। অর্থাৎ মেসিকে সামনে রেখে তিন ফরোয়ার্ডের আক্রমণভাগ। গোলবার থেকে আক্রমণভাগ সবকিছুতেই যেন সাজানো হচ্ছে মেসির শেষ রাতের মঞ্চ।

বেনিনের বিপক্ষে সম্ভাব্য একাদশ  শেষ ম্যাচ, শেষবারের মতো একই জার্সি, আর পাশে সেই সতীর্থরা যাদের সঙ্গে মিলে মেসি লিখেছেন আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি।