দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬৫ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে পরীক্ষায় ২১ হাজার ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন।