দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ায় বড় কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

রোববার রাতে নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি জানান প্রীতম ও শেহতাজ। পরে যোগাযোগ করা হলে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন শেহতাজ।

প্রীতম তাঁর পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা সব সময় থাকবে।

কেন এমন সিদ্ধান্ত, সে বিষয়ে প্রীতম জানান, সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি বলেও জানান তিনি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা।

শেহতাজও তাঁর ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ পথচলার পর পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি সম্মান ও শুভকামনা থাকবে বলেও জানান তিনি।

প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে ওই কাজের সূত্রে তাঁদের পরিচয়, পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন দুজন।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে।

ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের সময়ে তাঁদের গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। পাশাপাশি বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।