আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার দৌড়ে রয়েছে পাঁচটি সিনেমা। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতার জন্য জমা পড়েছে ‘মানুষের বাগান’, ‘রইদ’, ‘দম’, ‘দেলুপি’ এবং ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) অধীনে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি সিনেমাগুলো পর্যালোচনা করে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের আনুষ্ঠানিক অস্কার এন্ট্রি হিসেবে নির্বাচন করবে। আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করার কথা রয়েছে।
নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ সিনেমায় মানুষের জীবন, সম্পর্ক ও সমাজের নানা বাস্তবতা উঠে এসেছে। অন্যদিকে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে সাদু ও তার মানসিক সমস্যায় ভোগা স্ত্রীকে ঘিরে। ব্যক্তিগত জীবনের একটি গল্প থেকে সিনেমাটির ভাবনার সূত্র পেয়েছেন পরিচালক।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটিতে আফগানিস্তানে জিম্মি হয়ে পড়া এক বাংলাদেশির বেঁচে থাকার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।
অন্যদিকে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’তে উঠে এসেছে খুলনার দেলুটি এলাকার মানুষের জীবন ও বাস্তবতা। নদীভাঙন, বন্যা, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং মানুষের সম্পর্কের নানা দিক সিনেমাটির গল্পে স্থান পেয়েছে।
মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমায় একটি কাল্পনিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলসংস্কৃতি, র্যাগিং, ছাত্ররাজনীতি ও ক্ষমতার সম্পর্ককে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
এই পাঁচ সিনেমার মধ্য থেকে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের হয়ে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পাঠানো হবে। এরপর সেটি অস্কারের মূল বাছাইপ্রক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে।