অফিসে দিনের বড় সময় কাটানোর কারণে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হওয়া স্বাভাবিক। একজন ভালো সহকর্মী কাজের চাপ কমাতে, নতুন পরিবেশে মানিয়ে নিতে এবং প্রয়োজনের সময় সহযোগিতা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এতে কর্মপরিবেশও আনন্দদায়ক হয়ে ওঠে।

তবে বন্ধুত্বের কারণে পেশাদারিত্ব যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। বন্ধুকে বাড়তি সুবিধা দেওয়া, ব্যক্তিগত বিষয় অতিরিক্ত শেয়ার করা, গোপন তথ্য প্রকাশ কিংবা অফিসের সময় অতিরিক্ত আড্ডা এসব এড়িয়ে চলা উচিত।

বন্ধু যদি অধীনস্থ কর্মী হন, তাহলে বিষয়টি আরও সংবেদনশীল। ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে কাজের ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য রাখতে হবে। ভুল হলে বন্ধুকেও প্রয়োজনীয় ফিডব্যাক দিতে হবে।

কর্মক্ষেত্রে বন্ধুত্বের পাশাপাশি মেন্টরশিপও গুরুত্বপূর্ণ। পারস্পরিক সম্মান, সঠিক সীমারেখা ও পেশাদারিত্ব বজায় রাখতে পারলে অফিসের বন্ধুত্ব কর্মজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলতে পারে।