বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর সুলিভান ব্রাদার্সকে ঘিরে নতুন স্বপ্ন দেখেছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। আশা ছিল, রোনান ও কাভান সুলিভান একদিন লাল-সবুজ জার্সিতে বিশ্ব ফুটবলের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু সেই স্বপ্নে এবার বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলের হয়ে নাম লেখাতে যাচ্ছেন কাভান সুলিভান। ২০২৬ সালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশের যুবারা। সেই সাফল্যের অন্যতম নায়ক ছিলেন রোনান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত নানীর কারণে সুলিভান পরিবারের সঙ্গে বাংলাদেশের রয়েছে শেকড়ের সম্পর্ক। তাই রোনানের পারফরম্যান্সের পর থেকেই সুলিভান ব্রাদার্সকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দেশের ফুটবলপ্রেমীরা।

বয়স মাত্র ১৬। এরই মধ্যে ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠ পেরিয়ে যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে জায়গা করে নেওয়ার পথে কাভান সুলিভান। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই তরুণ অল্প বয়সেই নিজের প্রতিভার জানান দিয়েছেন। বড় তারকাদের বিপক্ষেও সমান আত্মবিশ্বাসে মাঠে লড়াই করার সামর্থ্য দেখিয়েছেন কাভান। এবার ক্লাব ফুটবলের গণ্ডি পেরিয়ে বিশ্ব ফুটবলে নিজের পরিচয় আরও বড় করে তুলে ধরার অপেক্ষা।

ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচে মাঠে নেমেছেন কাভান সুলিভান। এই সময়ের মধ্যে পেয়েছেন ৯ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও রেখেছেন সমান অবদান তার অ্যাসিস্টও ৯টি।এমন পারফরম্যান্সের সুবাদে মাত্র ১৬ বছর বয়সেই আলোচনায় চলে আসেন এই তরুণ। এমনকি লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষেও মাঠে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন কাভান।

সবশেষ সান দিয়েগোর বিপক্ষে ম্যাচেও বল পায়ে দুর্দান্ত ছিলেন কাভান। ৭৭ মিনিট মাঠে থেকে করেছেন জোড়া গোল। আর এমন পারফরম্যান্সের পরই আরও বড় মঞ্চের দরজা খুলে যায় তার সামনে।যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচের নজর কাড়ার পর এবার সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলার। সুলিভান ব্রাদার্সকে ঘিরে বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, কাভানের জাতীয় দলে যাত্রা সেই স্বপ্নে আপাতত টানছে ভিন্ন এক গল্প। লাল-সবুজের হয়ে নয়, বিশ্ব ফুটবলের মঞ্চে এবার যুক্তরাষ্ট্রের জার্সিতেই দেখা যেতে পারে কাভান সুলিভানকে।